আগস্ট ২৯, ২০২৬, ১২:১১ পিএম
জাতীয় সংসদে গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে একটি বক্তব্য দেওয়ার জেরে উত্তাল হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর। গত বৃহস্পতিবার জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া ওই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে শুক্রবার মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। রাত পৌনে বারোটার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে প্রেস ক্লাব চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভকারীরা তাদের বক্তব্যে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহকে অবিলম্বে তাঁর বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তাল করে তোলেন এবং নির্ধারিত রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। সাম্প্রতিক এই বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত সতর্কতা নেওয়া হয়েছে।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং রাজনৈতিক শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন