বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ০৩:৫১ পিএম

বগুড়ায় ব্যবসায়ী হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

ছবি : সংগৃহীত

বগুড়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাগিবুল হাসান হৃদয়কে হত্যার মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এই চাঞ্চল্যকর রায় ঘোষণা করেন। মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

আদালত পাঁচ আসামির প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ডও প্রদান করেছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সাদ্দাম হোসেন স্বাধীন ও মোহাম্মদ রাব্বি। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আশিক, শাকিল ও মতিন।  

আদালতের নির্দেশ অনুযায়ী জরিমানার অর্থের অর্ধেক নিহত হৃদয়ের সন্তানকে এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। ২০২১ সালের জুলাই মাসে বগুড়ার কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি ও হামলার এই ঘটনা ঘটেছিল।

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা দোকানে ঢুকে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করেন এবং বাঁচাতে গেলে তার বাবাকেও জখম করেন। চিকিৎসাধীন অবস্থায় হৃদয়ের মৃত্যুর পর তার মা বাদী হয়ে মামলা দায়ের করেছিলেন। বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছেন নিহত ব্যক্তির পরিবার।