সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৮:৪৯ পিএম
টাঙ্গাইলের মির্জাপুরে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে নাজেরা বিভাগের এক শিশু শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকসহ সংশ্লিষ্ট মাদরাসার এক পরিচালককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে মির্জাপুর নতুন বাইপাস সংলগ্ন মারকাযুল উম্মা হাফিজিয়া মাদরাসায় বিষয়টি জানাজানি হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। পুলিশ ও ঘটনার শিকার শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ওই শিশুটিকে মাদরাসার নাজেরা বিভাগে ভর্তি করা হয়। কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতায় ভুগতে থাকায় গত আট সেপ্টেম্বর তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। পরে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসকের কাছে নেওয়া হলে নির্যাতনের বিষয়টি শনাক্ত হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। পরে শিশুটির দেওয়া তথ্যের ভিত্তিতে তার অভিভাবকরা মাদরাসায় গিয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করেন।
খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত শিক্ষক হাফেজ মো. আল-আমীন ও মাদরাসার পরিচালক হাফেজ মো. মনিরুজ্জামানকে পুলিশ হেফাজতে নেয়। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, অভিযোগ ওঠা শিক্ষক ও মাদরাসার পরিচালককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন