শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

শীতলক্ষ্যায় নিখোঁজের পর তিনজনের মরদেহ উদ্ধার: একজন নিখোঁজ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ০২:১৫ পিএম

শীতলক্ষ্যায় নিখোঁজের পর তিনজনের মরদেহ উদ্ধার: একজন নিখোঁজ

ছবি :সংগ্রহীত

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে নিখোঁজ চারজনের মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামের নদী অংশ থেকে ডুবুরি দল ও স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া তিনজন হলেন ওবায়দুল্লাহ, সৌরভ ও শান্তা। নিহতদের মধ্যে মো. ওবায়দুল্লাহর (৩৮) বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামে, তিনি বিল্লাল হোসেনের ছেলে। সৌরভ নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে এবং মোসা. শান্তা (১৬) কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এখনও নিখোঁজ রয়েছেন।

শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে লাখপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে ওবায়দুল্লাহ, শান্তা ও শান্ত বাড়ির অন্য সদস্যদের সঙ্গে শীতলক্ষ্যা নদীতে গোসলে নামেন। এক পর্যায়ে নদীর প্রবল স্রোতে তিনজন পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারে এগিয়ে গিয়ে সৌরভও নিখোঁজ হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কর্মীরা এসে বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত অভিযান পরিচালনা করে আলো স্বল্পতার কারণে কার্যক্রম সকাল পর্যন্ত স্থগিত করেন।

শনিবার সকালে ভৈরব থেকে ডুবুরি দল এসে তীব্র স্রোতের মধ্যেই তল্লাশি শুরু করে। সকাল আটটায় ঘটনাস্থল থেকে কিছুটা দূরে সৌরভের এবং সকাল নয়টায় ওবায়দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। দুপুর বারোটার দিকে গাজীপুরের কালীগঞ্জের দীঘুয়া গ্রামে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে খবর দিলে ডুবুরি দল গিয়ে তা উদ্ধার করে নিয়ে আসে, পরে স্বজনরা শান্তার মরদেহ শনাক্ত করেন।

শিবপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইসলাম খান বলেন, "সকালে ডুবুরিরা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে। পরে ভাসমান অবস্থায় আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি একজনকে উদ্ধারেও অভিযান অব্যহত আছে।"