সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৩:১০ পিএম
পঞ্চগড়ে সোলার বিদ্যুৎ প্রকল্পের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ে সরকারি উদ্যোগে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় অর্থনৈতিক অঞ্চল এলাকায় চীন, সিঙ্গাপুর ও দুবাইসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং দেশীয় ব্যবসায়ীদের একটি দলকে সঙ্গে নিয়ে পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।
প্রথম পর্যায়ে আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ফেনীতে সরকারি সোলার পাওয়ার প্লান্টসহ নানা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। সরকারের প্রত্যাশা, পঞ্চগড়ের এই প্রকল্প বাস্তবায়ন হলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি স্থানীয় পর্যায়ে ব্যাপক কর্মসংস্থান ও নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। দেবীগঞ্জে সোলার বিদ্যুৎ প্রকল্পের সংলগ্ন এলাকায় কৃষিভিত্তিক এগ্রোজোন ও পরিকল্পিত সবুজায়ন গড়ে তোলারও উদ্যোগ নেওয়া হয়েছে। অঞ্চলটি সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য বিশেষভাবে উপযোগী হওয়ায় ডিসেম্বরের মধ্যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী। যার কারণে গ্রামীণ জনপদের মানুষ বর্তমানে তীব্র লোডশেডিংয়ের মুখে পড়ছে এবং উদ্ভূত পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন। বিদ্যুৎ সংকট নিরসনে দ্রুত সোলার প্রকল্প শেষ করার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী জানান, বিদেশী বিনিয়োগ এলে স্থানীয় বেকারদের কর্মসংস্থানে অগ্রাধিকার দেওয়া হবে।
অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখে চীনা প্রতিনিধি জুলং গ্রুপের চেয়ারম্যান পেং ওয়াং জানান, পঞ্চগড়ের মাটি প্রাকৃতিকভাবে অত্যন্ত উপযোগী ও বিনিয়োগের জন্য সম্ভাবনাময়। নিজ দেশে ফিরে পরিচালনা পর্ষদের সভায় আলোচনার পর তারা এখানে অর্থায়নের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেবেন। পরিদর্শনকালে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহাবুব হোসেন, দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীত সাহা এবং বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন