সেপ্টেম্বর ১৪, ২০২৬, ১২:০৫ পিএম
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণকালে নিয়োগপ্রাপ্ত ও পরবর্তীতে চাকরিচ্যুত হওয়া একদল কর্মকর্তা দ্বিতীয় দিনের মতো চাকরি ফিরে পাওয়ার দাবিতে সকালে ব্যাংকের মূল ফটকের সামনে অবস্থান নেন। এ সময় সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা সেখানে সমবেত হলে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে রূপ নেয়।
গ্রাহক ফোরামের সভাপতি নুর উন নবী মানিক দাবি করেন, তাদের শান্তিপূর্ণ অবস্থান চলাকালে পুলিশের ছত্রছায়ায় অতর্কিত হামলা চালানো হয়। এতে তাদের অন্তত ৩০ জন সদস্য আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।
অন্যদিকে চাকরিচ্যুতদের পক্ষ থেকেও প্রতিপক্ষের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত হামলার পালটা অভিযোগ আনা হয়েছে। চাকরিচ্যুতদের প্রতিনিধি শহিদুল ইসলাম জানান, তারা কর্মসূচি শুরুর মাত্র ২০ মিনিটের মাথায় হামলার শিকার হন। এই ঘটনায় তাদের পক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি দাবি করেন।
সংঘর্ষের পর আন্দোলনরত চাকরিচ্যুতরা স্থান পরিবর্তন করে কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণের দিকে চলে যান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহসীন আল মুরাদ দিনাজপুর টিভি ডট কম-কে জানান, সকালে মূল কার্যালয়ের সামনের ঘটনার বিস্তারিত তাদের জানা নেই। তবে পরবর্তীতে আন্দোলনকারীরা বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিলে রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) সুরক্ষার স্বার্থে তাদের সেখান থেকে দ্রুত সরিয়ে দেওয়া হয় এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন