সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৭:৫১ পিএম
মুন্সিগঞ্জ সদর উপজেলার দেওয়ানকান্দি এলাকায় তীব্র স্রোতে রাতের আঁধারেই নদীগর্ভে হারিয়ে গেছে একটি আস্ত মসজিদ। রাতে এশার নামাজ আদায় করে যাওয়ার পর সকালে ফজরের নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখেন, অস্থায়ী বালুর বাঁধের ভেতরে থাকা মসজিদটি আর নেই, সেখানে বইছে প্রমত্ত পদ্মার স্রোত। চোখের পলকেই বদলে গেছে নদীপাড়ের দৃশ্যপট।
গত কয়েক দিনে উজান থেকে নেমে আসা পানির ঢলে নদীতে স্রোতের তীব্রতা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। শুধু দেওয়ানকান্দি নয়, এর পাশাপাশি সদর উপজেলার রাখিরকান্দি, পূর্বরাখি এবং টঙ্গিবাড়ির বড়ি এলাকাতেও ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। একের পর এক বসতভিটা ও পুরোনো স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্রোতের তীব্রতা এতই বেশি যে ছোট নৌযান চলাচলেও মারাত্মক বিঘ্ন ঘটছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একসময় এই এলাকার নদীটি বেশ ছোট ছিল। কিন্তু অপরিকল্পিতভাবে ড্রেজার দিয়ে মাটি কাটার কারণে নদীটি গভীর ও প্রশস্ত হয়ে এই ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। গত পাঁচ বছর ধরে এই এলাকায় কমবেশি ভাঙন চলছে, যার শিকার হয়ে স্থানীয় একটি মাদ্রাসার প্রায় ১০০ শতাংশ জমিও ইতিমধ্যে নদীতে চলে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, নদীতে পানির প্রবাহ ও স্রোত বাড়লেও পানি এখনও বিপৎসীমার নিচেই অবস্থান করছে। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিতে থাকা প্রায় ৪০০ মিটার এলাকায় বালুর বস্তা ফেলার কাজ চলছে। তবে স্থানীয়দের দাবি, প্রতি বছর এমন অস্থায়ী পদক্ষেপ না নিয়ে নদীভাঙন রোধে দ্রুত একটি টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন