সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৮:১৬ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় শিশু ওয়ার্ডে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ওয়ার্ডজুড়ে এখন জমে থাকা ধোঁয়া অপসারণের কাজ চলছে।
ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জুলহাজ উদ্দিন অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন বেশি দূর ছড়াতে পারেনি এবং বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণে পুরো তৃতীয় তলায় প্রচুর পরিমাণে বিষাক্ত ধোঁয়া জমে যায়, যা বের করে আনতে ফায়ার সার্ভিসের কর্মীরা বিশেষ সরঞ্জাম নিয়ে কাজ করছেন।
উদ্ধারকাজে গতি আনতে সদর ফায়ার স্টেশন থেকেও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, ভবনের ভেতরে জমে থাকা ধোঁয়া পুরোপুরি অপসারণ ও বাতাস চলাচলের স্বাভাবিক ব্যবস্থা নিশ্চিত করার পর অগ্নিকাণ্ডের প্রকৃত উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন