সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬,

নিখোঁজ শিশুর পা কেটে ভিক্ষাবৃত্তি: তদন্তে নামছে প্রশাসন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৮:৩৩ পিএম

নিখোঁজ শিশুর পা কেটে ভিক্ষাবৃত্তি: তদন্তে নামছে প্রশাসন

ছবি: সংগৃহীত

সৎমায়ের নির্যাতন সহ্য করতে না পেরে চুল কাটার নাম করে সাত মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হওয়া ১২ বছর বয়সী এক শিশুকে ডান পা হারানো অবস্থায় ভিক্ষা করতে দেখা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সিরাত মাহফিলের সমাপনী ময়দানে পঙ্গু অবস্থায় তাকে দেখে পরিবারের কাছে খবর দেন স্থানীয় এক ব্যক্তি। শিশুটির অভিযোগ, সংঘবদ্ধ একটি মানবপাচার চক্র ঢাকায় নিয়ে গিয়ে তার ডান পা কেটে জোরপূর্বক ভিক্ষাবৃত্তিতে বাধ্য করেছিল। ভুক্তভোগীর ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তায়।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় সাত মাস আগে চুল কাটার জন্য পিতার কাছ থেকে ১০০ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয় শিশুটি। একটি মিছিলের যানবাহনে চুনতি বাজারে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। উদ্ধারের পর শিশুটি জানায়, চুনতি থেকে কক্সবাজারে পৌঁছানোর পর একটি পাচারকারী চক্রের খপ্পরে পড়ে সে। চক্রটি তাকে ঢাকায় নিয়ে গিয়ে রেলওয়ে স্টেশন এলাকায় তার ডান পা কেটে পঙ্গু করে দেয় এবং প্রতিদিন অন্তত ৫০০ টাকা তুলে দেওয়ার শর্তে ভিক্ষা করতে বাধ্য করত। সেখানে তার মতো আরও কয়েকজন শিশুর একই পরিণতি ঘটানো হয়েছে বলেও শিশুটি অভিযোগ করেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, রেলস্টেশন ও বাস টার্মিনালের মতো জনবহুল এলাকাগুলোকে কেন্দ্র করে শিশুদের অপহরণের পর অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষায় নামানোর সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। তবে উদ্ধার হওয়া শিশুটির ডান পা হারানোর প্রকৃত কারণ এবং এর পেছনে নির্দিষ্ট কোন অপরাধী চক্র বা পারিবারিক কলহ রয়েছে কিনা, তা বিস্তারিত পুলিশি তদন্তের দাবি রাখে।

লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ বিন আখন্দ জানিয়েছেন, ঘটনাটি অবগত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে শিশুটির পরিবারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তিনি নিশ্চিত করেন যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির প্রয়োজনীয় সুচিকিৎসাসহ সব ধরনের সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি নেপথ্যের চক্রকে চিহ্নিত করতে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের সাথে সমন্বয় চলছে বলেও তিনি উল্লেখ করেন। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যৎ পুনর্বাসনে সরকারের কার্যকর সহযোগিতা চেয়েছে ভুক্তভোগীর পরিবার।