সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬,

স্কুলছাত্রী অপহরণ মামলায় বগুড়ায় জামাই-শাশুড়ি গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৬, ১০:০২ এএম

স্কুলছাত্রী অপহরণ মামলায় বগুড়ায় জামাই-শাশুড়ি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক স্কুলছাত্রীকে মাইক্রোবাসে তুলে নিয়ে অপহরণের মামলায় জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে আদালতের নির্দেশে গ্রেপ্তার দুজনকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। এর আগে একই দিন ভোরে নিজ নিজ বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে ধুনট থানা-পুলিশের দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের স্ত্রী সাজেদা বেগম এবং একই এলাকার কৈগাঁতী গ্রামের মহাবেল হোসেনের ছেলে ও সাজেদা বেগমের মেয়েজামাই ফরিদুল ইসলাম। তাদের বয়স যথাক্রমে ৪৩ ও ২৮ বছর।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার খাটিয়ামারি গ্রামের এক স্থানীয় বাসিন্দার ১৬ বছর বয়সী মেয়ে চলতি বছর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। বিদ্যালয়ে যাতায়াতের পথে মথুরাপুর গ্রামের জহুরুল ইসলামের ২৩ বছর বয়সী ছেলে শাকিল হোসেন তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। ওই ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করলেও শাকিল তাকে নানাভাবে উত্ত্যক্ত করা অব্যাহত রাখেন। ঘটনাটি ওই ছাত্রী পরিবারের সদস্যদের অবহিত করলে শাকিল তার ওপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন।

গত ১১ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে ওই কিশোরীকে নিজ বাড়ির সামনের পাকা রাস্তা থেকে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় শাকিল ও তার সহযোগীরা। দীর্ঘদিন মেয়ের কোনো সন্ধান না পেয়ে অবশেষে ১ অক্টোবর ধুনট থানায় হাজির হয়ে অপহরণের অভিযোগে মামলা দায়ের করেন ভুক্তভোগী ছাত্রীর বাবা। 

দায়ের করা ওই মামলায় মূল অভিযুক্ত শাকিল, তার বাবা-মা এবং ভগ্নিপতিসহ মোট পাঁচজনকে নামীয় আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার উপপরিদর্শক ওসমান গনি জানিয়েছেন, অপহরণের শিকার কিশোরীকে উদ্ধার এবং মূল অভিযুক্ত শাকিলসহ বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।