মোঃ হামিম রানা
সেপ্টেম্বর ২১, ২০২৫, ০২:১৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে রসায়ন বিষয়ে আগ্রহ দিন দিন বাড়ছে। কলেজের প্রভাষক মোঃ রিপন আলী তার দীর্ঘ ২৩ বছরের অভিজ্ঞতা ও আধুনিক পাঠদান পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।
রিপন আলী এর আগে রাজধানীর খ্যাতনামা ক্যামব্রিয়ান কলেজে শিক্ষকতা করেছেন। বর্তমানে তিনি রাণীশংকৈল ডিগ্রি কলেজে রসায়নের প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার ক্লাসগুলো নিয়মিত এবং প্রাণবন্ত হওয়ায় শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করছে।

শিক্ষার্থী জুনিয়া সুলতানা বলেন, “রিপন স্যার রসায়ন ক্লাস খুব সুন্দরভাবে নেন। আমরা সহজেই বিষয়টি বুঝতে পারি।” আরেক শিক্ষার্থী লিজা জানান, “আমরা নিয়মিত স্যারের ক্লাস করি। তিনি সবসময় স্মার্ট বোর্ড ও পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে ক্লাস নেন, যা পড়া বুঝতে আরও সহজ করে তোলে।”
কলেজ সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ শিক্ষকের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণ করছে, যা ভবিষ্যতে তাদের সফলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।