রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

‘চোরের বদলে চোর আর ডাকাতের পরিবর্তে ডাকাতকে ক্ষমতায় আনলে হবে না

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:০৮ পিএম

‘চোরের বদলে চোর আর ডাকাতের পরিবর্তে ডাকাতকে ক্ষমতায় আনলে হবে না

ছবি - সংগৃহীত

বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, দেশকে পরিবর্তন করতে হলে নীতির পরিবর্তন দরকার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "চোরের বদলে চোরকে ক্ষমতায় আনলে হবে না। ডাকাতের পরিবর্তে ডাকাতকে আনলে হবে না। পরিবর্তন আনতে হলে, ইসলামী দলকে ক্ষমতায় আনতে হবে।"

শুক্রবার (২৬ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলা সদরে স্থানীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি ফয়জুল করীম দেশের বর্তমান রাষ্ট্রীয় পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, "আওয়ামী লীগ সরকার নেই মানে প্রধান বিচারপতিও নেই, ডিজিএফআই-এনএসআইয়ের প্রধানও নেই, পুলিশের আইজিও নেই, এমনকি বায়তুল মোকাররম মসজিদের ইমামও নেই। এর নাম কি রাষ্ট্র? এটাকে রাষ্ট্র বলা যায় না?"

তিনি বলেন, অতীতে বিভিন্ন দলের শাসন দেখলেও মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। দল পরিবর্তন হলেও চাঁদাবাজি, ধর্ষণ ও দুর্নীতির মতো অপরাধ বন্ধ হয়নি—শুধু অপরাধীদের 'হাতের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়নি'।

নির্বাচন কমিশনের সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, যারা পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিকে সংবিধানে নেই বলে দাবি করছেন, তারা নিজেরাই সংবিধানের কাঠামোর বাইরে নিয়োগ পেয়েছেন।

তিনি দেশের বিচারকদের সমালোচনা করে বলেন, "আজকে আদালতগুলোর অবস্থা খুবই খারাপ। যখন যে দল ক্ষমতায় আসে, বিচারকরা তাদের দিকে তাকিয়ে রায় দেয়। এটা আদালত হতে পারে না।" তিনি অভিযোগ করেন, সরকারি দলের লোক হলে হাজারো খুন করেও পার পাওয়া যায়, আর বিরোধী দলের হলে নির্দোষ হলেও জেলখানায় ধুঁকে ধুঁকে মরতে হয়।

ফরিদপুর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মাদ মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোস্তফা কামাল ফরিদপুরী।