অক্টোবর ১, ২০২৫, ১১:০২ এএম
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন বলেছেন, সনাতন ধর্মাবলম্বীরা এবার অতীতের তুলনায় আরও স্বস্তিদায়ক পরিবেশে দুর্গাপূজা উদযাপন করছেন। তিনি জানান, বিএনপির নেতাকর্মীরা পূজার আয়োজন সফল করতে সর্বোচ্চ সহযোগিতা করছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।আমিনুর রহমান আমিন বলেন, “যে কোনো প্রয়োজনে সনাতন সম্প্রদায়ের মানুষ আমাদের পাশে পাচ্ছেন। এজন্যই তারা বিএনপির কর্মকাণ্ডে সন্তুষ্ট।আমরা আশ্বস্ত করছি, আগামী দিনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে আমরা আরও সুন্দরভাবে তাদের পাশে থাকব।”
তিনি আরও যোগ করেন, বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কথা হয়েছে। “তারা জানিয়েছেন, এত শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে এমনটা তাদের ধারণা ছিল না। তারা অতীতের তুলনায় এবার বেশি নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য অনুভব করছেন।”
বিএনপির নীতির কথা তুলে ধরে আমিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফার রূপরেখার ১৬ নম্বর দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে—এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই, সকলে সমান নাগরিক। বিএনপি সেই নীতিতেই বিশ্বাস করে।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আংগুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আজাদ কল্লোল, কালীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার ছিদ্দিক, উপজেলা বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান রিপনসহ স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন