অক্টোবর ২, ২০২৫, ১০:৪১ এএম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ এনেছেন গণমাধ্যমকর্মীরা। এই ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১০টার দিকে আয়োজিত সংবাদ সম্মেলন বয়কট করে ঘটনাস্থল ত্যাগ করেছেন সাংবাদিকরা।ঘটনাটি ঘটেছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফেরা উপলক্ষে।
তাঁকে বহনকারী ফ্লাইটটি বিমানবন্দরে পৌঁছানোর পর সেখানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।সেখানে উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপি নেতা হুমায়ুন কবির যখন ব্রিফিং করছিলেন, তখন এনসিপি নেতারা উচ্চৈঃস্বরে স্লোগান দিচ্ছিলেন। একজন গণমাধ্যমকর্মী তাঁদের স্লোগান থামাতে অনুরোধ করেন।
কিন্তু এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। অনুরোধের পর এনসিপি নেতাকর্মীরা উল্টো গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাঁদের লাঞ্ছিত করেন। পেশাগত দায়িত্ব পালনের সময় এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন সাংবাদিকরা। এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে এনসিপির আয়োজিত সংবাদ সম্মেলন বয়কট করে তারা সেখান থেকে চলে যান।
প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়েন। তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন