অক্টোবর ৩, ২০২৫, ০৭:৪৬ পিএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক পক্ষ থানায় মামলা করেছেন বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।সংঘর্ষে আহতদের মধ্যে গুরুতর আহত ইউনিয়ন ছাত্রদলের আরিফুল ইসলাম আরিফকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
এছাড়া যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রনি, বিএনপির সাবেক সভাপতি মজিবর সরকার, খাইরুল ইসলাম, ফজু মেম্বার এবং জাকির হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল হাতে ছুরিকাঘাতে আহত হয়েছেন এবং প্রাণভয়ে নিজ বাসায় চিকিৎসা নিয়েছেন।নাগেশ্বরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলামের অভিযোগ অনুযায়ী, সংঘর্ষের সূত্রপাত হয়েছে দলের অভ্যন্তরীণ কোন্দল থেকে।
তিনি জানান, গত ২৪ আগস্ট উপজেলার নুনখাওয়া ইউনিয়নে কুড়িগ্রাম-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর সাইফুর রহমান রানার কর্মসূচিতে আওয়ামী ফ্যাসিস্ট ও দোসরদের স্থান দেওয়া হয়।এই অভিযোগ করে প্রতিবাদ করেছিলেন ইউপি যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রনি ও ছাত্রদলের আরিফ। তখনই তাঁদের ওপর চড়াও হন রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল।
শহিদুল ইসলামের অভিযোগ, এরই জেরে বৃহস্পতিবার রাতে রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যানের বাসার সামনে যুবদলের রনি, ছাত্রদলের আরিফ ও খায়রুলের ওপর চেয়ারম্যান ও তার বাহিনী অতর্কিত হামলা চালায়। পরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবর রহমান সরকার, ফজু মেম্বার ও জাকির হোসেন হোসেন ছুটে এলে তাঁদেরকেও রড ও লাঠি দিয়ে উপর্যুপরি আঘাতে মাথা থেঁতলে দেওয়া হয়। ধারালো অস্ত্রে আরিফের পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বেলা এগারোটায় রায়গঞ্জের কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন চেয়ারম্যান দীপ মণ্ডলের সমর্থকরা।মানববন্ধনে রায়গঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মণ্ডল সম্পূর্ণ ভিন্ন অভিযোগ করে বলেন, মাদকদ্রব্য কেনাবেচা বন্ধ ও অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় তার ওপর হামলা করা হয়েছে এবং তাঁকে প্রাণনাশের চেষ্টা করা হয়েছে।নাগেশ্বরী থানার ওসি রেজাউ ল করিম রেজা জানিয়েছেন, এই ঘটনায় একপক্ষ মামলা করেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন