বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,

নির্বাচিত দলকে ক্ষমতা দিয়ে পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১০, ২০২৫, ১০:৪২ পিএম

নির্বাচিত দলকে ক্ষমতা দিয়ে পুরোনো ঠিকানায় ফিরে যাব: ধর্ম উপদেষ্টা

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “সরকার ঘোষিত তারিখে একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত দলকে ক্ষমতা হস্তান্তর করে আমরা আমাদের পুরোনো ঠিকানায় ফিরে যাব। এর মাধ্যমে দেশে সাংবিধানিক ধারাবাহিকতা বহাল থাকবে।”

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নব শালবন বৌদ্ধবিহারে আয়োজিত ২৪তম ‘দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব’ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ড. খালিদ হোসেন বলেন, “সুশাসনের জন্য একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত জরুরি এবং সেই লক্ষ্যেই সরকার এগিয়ে যাচ্ছে। নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ তৈরি করতেও সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতেই জুলাই সনদ যথাসময়ে স্বাক্ষরিত হবে, এ নিয়ে কোনো আশঙ্কা নেই।”এর আগে, অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, “এই মাতৃভূমি আবহমানকাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য লালন করে আসছে, আজকের এই আয়োজন তারই বাস্তব প্রমাণ।

 অনুষ্ঠানে তিনি শালবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে একটি আন্তর্জাতিক মেডিটেশন সেন্টার ও একটি ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এ সময় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হায়দার আলী, কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।