সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

গুম-খুনে জড়িত জেনারেলদের বিচার করতে হবে: আখতার হোসেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৮:৪০ পিএম

গুম-খুনে জড়িত জেনারেলদের বিচার করতে হবে: আখতার হোসেন

ছবি - সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, “যেসব জেনারেল, ডিজিএফআই-এর কর্মকর্তা, র‍্যাব কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়নাঘরে বন্দি করেছে, তাদের অতিসত্বর গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।” তিনি বলেন, সশস্ত্র বাহিনীর কিছু সদস্যের দ্বারা সংঘটিত গুম-খুন না হলে শেখ হাসিনা ‘ফ্যাসিস্ট’ হতে পারতেন না।

শনিবার (১১ অক্টোবর) দুপুরে রংপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।আখতার হোসেন বলেন, “গুম এবং খুনের সঙ্গে যারা জড়িত ছিলেন, তারা বাংলাদেশের মানুষের পক্ষে কাজ করেননি। তারা একটি বিশেষ দল, আওয়ামী লীগের উদ্দেশ্যকে সফল করতে কাজ করেছেন।”

তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠান সেনাবাহিনীকে যারা জনগণের মুখোমুখি দাঁড় করিয়েছে, তারা দেশ ও মানুষের শত্রু এবং তাদের সঙ্গে কোনো আপস নেই।তবে, তিনি সেনাবাহিনীর সেই সকল জুনিয়র অফিসারদের ধন্যবাদ জানান, যারা জুলাই অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন।এনসিপির এই শীর্ষ নেতা আরও বলেন, আইনশৃঙ্খলা ও গোয়েন্দা বাহিনীগুলোকে সত্যিকারের জনগণের প্রতিষ্ঠানে পরিণত করতে হলে অপরাধীদের বিচারের আওতায় আনতেই হবে।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, তার দল এনসিপি এখনো কোনো দলের সঙ্গে জোট গঠনের বিষয়ে বৈঠক করেনি, তবে জাতীয় স্বার্থে প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তিনি আরও নিশ্চিত করেন যে, এনসিপি আগামী ১৫ অক্টোবর ‘জুলাই সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।