সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপির মনোনয়ন বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি:সালাউদ্দিন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ১০:৩৪ পিএম

বিএনপির মনোনয়ন বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি:সালাউদ্দিন

ছবি - সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন,  জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছুই জানি না। আমরা এখনো মনোনয়ন বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। সময়মতো সবাই জানতে পারবেন।”শনিবার (১১ অক্টোবর) রাতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে, ২০১৫ সালে তার বহুল আলোচিত ‘গুম’ হওয়ার ঘটনার ওপর নির্মিত একটি তথ্যচিত্রের (ডকুমেন্টারি) শুটিংয়ে অংশ নিতে তিনি সকালে সিলেট সফরে আসেন। এই তথ্যচিত্রটি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগে নির্মিত হচ্ছে বলে জানা গেছে।সালাউদ্দিন আহমেদ সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল সীমান্ত এলাকা পরিদর্শন করেন, যেখান দিয়ে তাকে চোখ ও হাত বাঁধা অবস্থায় ভারতে নিয়ে যাওয়া হয়েছিল বলে তিনি দাবি করেন।

সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি বলেন, “আমি জানতাম আমাকে কোথাও নিয়ে ক্রসফায়ার দেওয়া হবে বা মেরে ফেলা হবে। সেই রকম অনুভূতিতেই ছিলাম।” তিনি জানান, ভারতের শিলংয়ে তাকে ছেড়ে দেওয়ার পর পথচারীদের সহায়তায় তিনি পুলিশের কাছে যান, কিন্তু পরে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল।

দিনব্যাপী শুটিং এবং হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে রাতে ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার আগে তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যদিও তার সফরটি রাজনৈতিক ছিল না, তবুও নির্বাচনকে সামনে রেখে তার এই সফর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।