অক্টোবর ১৩, ২০২৫, ০৮:৫২ পিএম
আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান এবং তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর মধ্যকার দাম্পত্য কলহ এবার বিচ্ছেদের দিকে গড়াচ্ছে বলে ইঙ্গিত পাওয়া গেছে। স্ত্রীর পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো পরকীয়ার অভিযোগ ওঠার দুই দিন পর, সোমবার (১৩ অক্টোবর) আবু ত্বহা আদনান ‘উপসংহার’ শিরোনামে এক ফেসবুক পোস্টে লিখেছেন, “ভুল সত্তায় অন্ধ ভালোবাসার উপযুক্ত প্রতিদানই সম্ভবত আমার প্রাপ্য ছিল। আমি পেয়েছি, মেনেও নিয়েছি। তবে আল্লাহর কসম—আর না।”
তার এই ‘আর না’ কথাটিকেই তাদের সম্পর্কচ্ছেদের চূড়ান্ত ইঙ্গিত হিসেবে দেখছেন নেটিজেনরা, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা।এর আগে, গত শনিবার (১১ অক্টোবর) সাবিকুন নাহার সারাহ তার ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন, আবু ত্বহা একজন বিমানবালার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত এবং তাকেই বিয়ে করতে চান। অক্টোবরের শুরুতে একই অভিযোগ তুলে পরে তা প্রত্যাহার করে নিলেও, শনিবারের পোস্টে তিনি দাবি করেন, আগেরবার তাকে পোস্ট মুছতে বাধ্য করা হয়েছিল।
স্ত্রীর এই নতুন অভিযোগের জবাবেই আজ মুখ খুললেন আবু ত্বহা। তিনি তার পোস্টে কাবার রব এবং মহানবী (সা.)-এর নামে শপথ করে নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি লেখেন, “কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। যার হাতে আমার প্রাণ, তার কসম, আমি কোনো পরনারীর সঙ্গে হারাম সম্পর্কে জড়িত নই।”
তিনি আরও জানান, বিষয়টি এখন দেশের বরেণ্য আলেম-ওলামাদের উপস্থিতিতে শরীয়তসম্মত ও আইনি প্রক্রিয়ায় সমাধানের পথে রয়েছে। সব মিলিয়ে, এই তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের টানাপোড়েন এখন এক জটিল মোড়ে এসে দাঁড়িয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন