সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তী সরকার দিশাহারা: মঞ্জু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৪, ২০২৫, ১০:৫৭ পিএম

রাজনৈতিক দলের চাপে অন্তর্বর্তী সরকার দিশাহারা: মঞ্জু

ছবি - সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, সরকার কখনো একদলকে, আবার কখনো আরেক দলকে খুশি করার নীতি গ্রহণ করেছে, যার ফলে কয়েকটি রাজনৈতিক দলের চাপে তারা দিশাহারা অবস্থায় আছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জনগণের আস্থা স্থাপন করা কঠিন হয়ে পড়ছে।

শুক্রবার সকালে ঝিনাইদহ শহরের একটি রেস্টুরেন্ট মিলনায়তনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।মজিবুর রহমান মঞ্জু বলেন, গত জুলাই গণঅভ্যুত্থানের পর প্রশাসনকে সুষ্ঠুভাবে পুনর্গঠন করা সম্ভব হয়নি। বিএনপি, জামায়াত এবং এনসিপির মধ্যকার রাজনৈতিক দ্বন্দ্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর অবস্থান নিতে পারছে না, যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদলীয় ব্যবস্থা কায়েম করে দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিলেন, সেই ছাপ এখনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে রয়ে গেছে। এবি পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন, নিয়োগ ও বদলিবাণিজ্য এখনো আগের মতোই চলছে। এছাড়া মাদক, চাঁদাবাজি এবং বেকারত্বের সমস্যা উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি ঝিনাইদহের যোগাযোগ ব্যবস্থার করুণ দশার কথা উল্লেখ করে বলেন, বিশেষ করে যশোর-ঝিনাইদহ সড়কের অবস্থা অত্যন্ত শোচনীয়।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে মঞ্জু বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি জোট গঠনের বিষয়ে আলোচনা চলছে। তিনি অতীতের বিভাজন ভুলে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানে এবি পার্টির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ও জনগণের কাছে সমাদৃত হয়েছে।সভায় দলটির পক্ষ থেকে ঝিনাইদহ জেলার তিনটি সংসদীয় আসনের প্রার্থীদের নাম পরিচয় করিয়ে দেওয়া হয়।

মঞ্জু জানান, ঝিনাইদহ-১ আসনে হাদিউজ্জামান খোকন, ঝিনাইদহ-২ আসনে অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং ঝিনাইদহ-৩ আসনে মুফতি মুজাহিদুল ইসলাম এবি পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মতিয়ার রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইয়ামিনুর রহমান ও কেন্দ্রীয় যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান খোকন।