অক্টোবর ২৫, ২০২৫, ০১:৩৩ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) ও বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি এস এম ফরহাদ বলেছেন, ডাকসু নির্বাচন নিয়ে তারা এতটা ভালো ফলের কল্পনাও করেননি। তিনি জানান, নানা প্রতিকূলতার কারণে অতীতে তারা বড় স্বপ্ন দেখতে বা প্রকাশ্যে কথা বলতে পারেননি। শনিবার (২৫ অক্টোবর) সকালে মানিকগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানিকগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাকর্মীদের নিয়ে এই প্রীতি সমাবেশের আয়োজন করা হয়।এস এম ফরহাদ ডাকসু নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলেন, ‘আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ডাকসুতে অসম্ভব লেভেলের ভালো হয়েছে, যা আমরা নিজেরাও এতটা কল্পনা করিনি।’ তিনি এই সাফল্যের পেছনের কৌশল ব্যাখ্যা করে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে ৫ তারিখের (জুলাই গণঅভ্যুত্থান) পর থেকে মানুষ আমাদের জানতে চায় আমরা আসলে কেমন।’
তিনি জানান, নির্বাচনে তারা ডোর টু ডোর বা প্রতিটি কক্ষে যাওয়ার চ্যালেঞ্জ নিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের এমন কোনো রুম ছিল না যেখানে তাদের বার্তা পৌঁছায়নি। এমনকি তাদের নারী প্রার্থীরাও প্রতিটি রুমে রুমে গিয়েছেন, আর একারণেই এই অভাবনীয় ফলাফল এসেছে বলে তিনি মনে করেন।প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে এস এম ফরহাদ তার বক্তব্য প্রদান করেই অন্য একটি প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী ঢাকা উত্তর অঞ্চলের সহকারী পরিচালক ও মানিকগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা দেলওয়ার হোসাইন। তিনি তার বক্তব্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত-শিবিরের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান।
মানিকগঞ্জ সাংস্কৃতিক সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও মানিকগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী মুহাম্মদ জাহিদুর রহমান। এ ছাড়াও মানিকগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামরুল ইসলাম এবং মানিকগঞ্জ-১ আসনের এমপি প্রার্থী ডা. আবু বকর সিদ্দিকসহ ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান কমিটির অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন