অক্টোবর ২৫, ২০২৫, ১০:৫৬ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত "সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে" ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে পৌঁছে দিতে পঞ্চগড়ের বোদা পৌরসভায় দিনব্যাপী গণসংযোগ ও ৯টি ওয়ার্ডে উঠান বৈঠক করেছে দলটি।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত বোদা পৌরসভার ভাসাইনগর এলাকা থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ।
দিনব্যাপী এই গণসংযোগ ও উঠান বৈঠকগুলোতে প্রধান অতিথির বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ বিএনপির ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, "জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে প্রত্যেক পরিবারকে 'ফ্যামিলি কার্ড' দেওয়া হবে, যার মাধ্যমে প্রতিমাসে নগদ অর্থ, ফ্রি চিকিৎসা এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার সুযোগ থাকবে।"
তিনি আরও প্রতিশ্রুতি দেন, ক্ষমতা গ্রহণের ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান এবং কৃষকদের জন্য 'কৃষক কার্ড'-এর মাধ্যমে বিনামূল্যে আধুনিক চাষাবাদের যন্ত্রপাতি সরবরাহ করা হবে।
বক্তব্যে ফরহাদ হোসেন আজাদ জামায়াতে ইসলামীর কড়া সমালোচনা করে বলেন, "একাত্তরের জামায়াতের ভূমিকা সবার জানা। তারা ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।" তিনি প্রশ্ন রেখে বলেন, "অতীতে জামায়াত বিএনপির সঙ্গে জোট করে ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেছে। তখন আপনাদের যে সকল কর্মী ধানের শীষে ভোট দিয়ে মৃত্যুবরণ করেছেন, তারা কি তাহলে দোযখে গেছেন? ভোট মৌসুমে এই ভাঁওতাবাজদের থেকে সজাগ থাকুন।"
দিনব্যাপী এই কর্মসূচিতে সাধারণ মানুষের, বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এ সময় বোদা উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন