অক্টোবর ৩০, ২০২৫, ০৩:৪৩ পিএম
চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালে স্টেডিয়ামের গ্যালারিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ক্রিকেটার সাকিব আল হাসানের নামে প্ল্যাকার্ড প্রদর্শন এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এই মারধরের সূত্রপাত হয়। বুধবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে চট্টগ্রামের পাহাড়তলীস্থ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এই সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহত ব্যক্তিরা নিজেদেরকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মী বলে দাবি করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ম্যাচ চলাকালীন গ্যালারির একটি অংশে কিছু দর্শক সাকিব আল হাসানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে।
এ সময় গ্যালারিতে থাকা অন্য একটি পক্ষের সঙ্গে তাদের প্রথমে কথা কাটাকাটি ও পরে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে স্টেডিয়ামের ওই অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই স্টেডিয়ামে দায়িত্বরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনায় আহতদের মধ্যে তিনজনকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন মো. মেহেদী (২৭), সোলাইমান স্বপন (২৮) এবং নুরুল হুদা (২৫)। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে, স্টেডিয়ামে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে পুলিশ ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে ছয়জনকে আটক করেছে। পাহাড়তলী থানা পুলিশ জানিয়েছে, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে গ্যালারিতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় দর্শকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন