রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৩১, ২০২৫, ১১:১১ এএম

ঢাকায় ধরা পড়লেন যশোরের আ.লীগ নেতা

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ঢাকা থেকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর শিশুমেলা এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে শেরেবাংলা নগর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নাশকতার পরিকল্পনা করা হচ্ছে এমন সন্দেহে স্থানীয় জনতা শাহারুল ইসলামকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব জানিয়েছেন, শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। শাহারুলের ঘনিষ্ঠ সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে ঢাকাতেই আত্মগোপনে ছিলেন এবং প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য রাখতেন।

উল্লেখ্য, শাহারুল ইসলামকে আটকের দিনই (বৃহস্পতিবার) তার বিরুদ্ধে যশোরে কোতোয়ালি থানায় নতুন একটি মামলা দায়ের করা হয়েছে।