বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

ভোলা সদর বিএনপির কমিটি স্থগিত

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২, ২০২৫, ০২:০১ পিএম

ভোলা সদর বিএনপির কমিটি স্থগিত

ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) নেতাকর্মীদের সঙ্গে মনোনয়নকেন্দ্রিক রক্তক্ষয়ী সংঘর্ষের জেরে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ভোলা সদর উপজেলা বিএনপির কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে।শনিবার (০১ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ বলবৎ থাকবে।

এর আগে, শনিবার বেলা ১১টার দিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিএনপি ও বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে জেলা বিজেপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, এই সংঘর্ষের মূলে রয়েছে ভোলা সদর আসনের মনোনয়ন। বিগত নির্বাচনগুলোতে বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক হিসেবে এই আসনটি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু এবার স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই আসনে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীরকে প্রার্থী হিসেবে দেখতে চান। এই দাবিতে জেলা বিএনপি বেশ কিছুদিন ধরেই সরব ছিল। এ নিয়ে দুই দলের মধ্যে চাপা উত্তেজনা থাকলেও শনিবার তা প্রকাশ্য সংঘর্ষে রূপ নেয়।

কেন্দ্রীয় বিএনপির এই আকস্মিক ও কঠোর সিদ্ধান্তে ভোলা শহরের রাজনৈতিক অঙ্গনে স্তব্ধতা নেমে এসেছে। এ বিষয়ে ভোলা সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আসিফ আলতাফ স্থানীয় গণমাধ্যমকে বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতেই কেন্দ্রীয় বিএনপি এমন নির্দেশনা দিয়েছে। তিনি স্বীকার করেন, "সামান্য বিষয় নিয়ে আমাদের নেতাকর্মীদের উত্তেজিত হওয়া উচিত হয়নি। বিজেপি কী বলল না বলল এ নিয়ে আমাদের আরও সহনশীল ভূমিকায় থাকা দরকার ছিল।"

সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিনও মনে করেন, পরিস্থিতি শান্ত রাখতেই কেন্দ্রীয় বিএনপি এই পদক্ষেপ নিয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, "বিজেপি'র এটা ভাবার কোনো সুযোগ নেই যে, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে এগিয়ে নিতেই বিএনপির এমন সিদ্ধান্ত।"এদিকে, জেলা বিজেপির সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ এ বিষয়ে মন্তব্য করে বলেন, "বিএনপির কমিটির কার্যক্রম স্থগিত বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। তবে পরিস্থিতি স্বাভাবিক করতেই এমন নির্দেশনা দিতে পারে বিএনপি।"