নভেম্বর ২, ২০২৫, ১১:২২ পিএম
দেশের আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরি বলেছেন, সুন্নি জনতাকে কেউ দুর্বল ভাবলে বড় ভুল করবেন। তিনি বলেন, 'আমরা অন্যায়-অবিচারের প্রতিবাদ করতে জানি, প্রয়োজনে সরাসরি পদক্ষেপও (ডাইরেক্ট অ্যাকশন) নিতে জানি।'রোববার (২ নভেম্বর) বিকাল ৪টার দিকে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া শিল্প এলাকায় স্থানীয় সমাজ উন্নয়ন পরিষদ ও যুব উন্নয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ‘কক্সবাজার সুন্নি কনফারেন্সে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় মুফতি তাহেরি পতিত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের পলাতক সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরকে ব্যঙ্গ করে একটি মন্তব্য করেন, যা উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তিনি মাদকসেবী, ঘুসখোর ও সুদখোরদের উদ্দেশে ওবায়দুল কাদেরের বহুল সমালোচিত একটি উক্তি ধার করে তীব্র সতর্কতা জানিয়ে বলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ’।
তাহেরির এই বক্তব্য শেষ হওয়ার মুহূর্তেই উপস্থিত হাজারও জনতা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ বলে স্লোগান দিতে থাকেন।প্রধান অতিথির বক্তব্যে তাহেরি আরও বলেন, ‘গত ৫৩ বছরে এমন সময় আসেনি, যখন চারদিক থেকে সুন্নিদের জয়গান উঠছে। এখন সময় এসেছে ন্যায়ের পক্ষে দাঁড়ানোর, ইসলামের সোনালি আদর্শকে পুনরুজ্জীবিত করার।’
অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুফতি তাহেরি বর্তমানে আহলে সুন্নাত ওয়াল জামায়াত জাতীয় পরিষদের সাংগঠনিক সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সমসাময়িক ইস্যুতে বক্তব্য দিয়ে আলোচনায় থাকেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন