সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়ছে বাংলাবান্ধায়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৬, ২০২৫, ০৮:৩০ পিএম

দেশের সবচেয়ে উঁচুতে জাতীয় পতাকা উড়ছে বাংলাবান্ধায়

দেশের সবচেয়ে উঁচু স্থানে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দরে। মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নানা আয়োজনের মধ্য দিয়ে এই ফ্ল্যাগ স্ট্যান্ডটির উদ্বোধন করা হয়।দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় উড়ছে এই পতাকা। স্থলবন্দর কার্যালয় ও ভারতীয় সীমান্তরেখার মধ্যখানে ফ্ল্যাগ স্ট্যান্ডটি নির্মিত হয়েছে। পতাকা ওড়ানোর জন্য ব্যবহার করা হচ্ছে আধুনিক প্রযুক্তি এবং এটি শুধু দিনের বেলায় উড়বে।পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী দেশের সর্বোচ্চ ১১৭ ফুট উচ্চতার এই ফ্ল্যাগ স্ট্যান্ডটি উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, বিএনপির নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন রঞ্জু এবং জেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক ইকবাল হোসাইনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

তরুণ প্রজন্মের দাবি পূরণফলক উন্মোচনের পর জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, "বাংলাদেশের প্রবেশদ্বার হলো বাংলাবান্ধা জিরোপয়েন্ট। জিরোপয়েন্টের ওপার প্রান্তে ভারতে উঁচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক ওড়ে। আমাদের এখানে তেমন একটি ফ্ল্যাগ স্ট্যান্ড না থাকায় আমরা এই উদ্যোগ নিয়েছি।"

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের দীর্ঘদিনের দাবি ছিল, ভারতের মতো বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়। সেই দাবির বাস্তবায়নেই আর্কিটেক্টের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়েছে।বক্তারা বলেন, দেশের জন্য একটি নতুন ইতিহাস তৈরি হলো পঞ্চগড়ের বাংলাবান্ধায়। দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এই পতাকা দেখতে আসবে, যা আমাদের জন্য গর্বের বিষয়।

এর আগে বাংলাবান্ধা কাস্টমস চত্বর থেকে পতাকা স্ট্যান্ড পর্যন্ত জাতীয় পতাকা হাতে নিয়ে বর্ণিল র্যা লি বের করা হয়। র্যা লি ও উদ্বোধনী অনুষ্ঠানে হাজারো স্থানীয় উৎসুক জনতা অংশ নেন।