বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাদি হত্যার মূল আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে: ডিএমপি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:১৫ পিএম

হাদি হত্যার মূল আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে: ডিএমপি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ দেশ ছেড়ে পালিয়েছেন বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে এই চাঞ্চল্যকর তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

তিনি বলেন যে হাদি হত্যাকাণ্ডটি ছিল অত্যন্ত সুপরিকল্পিত এবং ঘটনার পর মূল শুটার ফয়সাল আরও এক সহযোগীকে নিয়ে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে।

তদন্তের অগ্রগতি সম্পর্কে পুলিশ জানায় যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে ৬ জন আসামি ইতিমধ্যে আদালতে নিজেদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে যখন শরিফ হাদি প্রচারকাজ চালাচ্ছিলেন তখন মোটরসাইকেলে এসে ফয়সাল করিম মাসুদ তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি ছোড়ে। এই সময় ফয়সালের সাথে আরও একজন অজ্ঞাত পরিচয় সহযোগী ছিল যাকে শনাক্ত করার চেষ্টা চলছে।গুরুতর আহত শরিফ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

তবে শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় হত্যাচেষ্টার মামলা করেছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। পুলিশ জানিয়েছে যে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে ইন্টারপোলের সহায়তা নেওয়া অথবা কূটনৈতিক চ্যানেলে ভারতের সাথে যোগাযোগ করার বিষয়টি বিবেচনাধীন রয়েছে।