জুন ১৭, ২০২৬, ০৮:১০ এএম
দেশে চাঞ্চল্যকর কোনো অপরাধের ঘটনা গণমাধ্যমে আলোচনায় এলে তদন্ত দ্রুত শেষ হয়। কিন্তু এর বাইরে থাকা অধিকাংশ ধর্ষণ ও হত্যা মামলা মাসের পর মাস কিংবা বছরের পর বছর তদন্ত পর্যায়েই আটকে থাকে। নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী আসামি গ্রেপ্তার হলে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করার আইনি বাধ্যবাধকতা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন।
পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত মার্চ থেকে মে পর্যন্ত তিন মাসে সারা দেশে ৫ হাজার ৪৪৮টি নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে। এর মধ্যে ঢাকা মহানগরের থানাগুলোতেই হয়েছে ৪১৩টি মামলা।ঢাকায় দায়ের হওয়া এই মামলাগুলোর মধ্যে মাত্র ৬৫টির অভিযোগপত্র জমা পড়েছে।
১০টি মামলায় ঘটনার সত্যতা না পেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়েছে এবং বাকি মামলাগুলোর তদন্ত এখনো শেষ হয়নি। পুলিশ কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময়ে তদন্ত শেষ না হওয়ার অন্যতম প্রধান কারণ হলো সময়মতো ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক প্রতিবেদন না পাওয়া। অনেক ক্ষেত্রে এই প্রতিবেদনগুলো পেতে এক বছর বা তারও বেশি সময় লেগে যায়। ফলে বাধ্য হয়েই আদালতের কাছ থেকে বারবার সময় বাড়িয়ে নিতে হয় তদন্তকারীদের।
আইন বিশেষজ্ঞরা মনে করেন, ভুক্তভোগীর স্বাস্থ্যগত পরীক্ষা ও ফরেনসিক প্রতিবেদন দ্রুত তৈরি করতে সংশ্লিষ্ট চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণ ও তৎপরতা বাড়ানো জরুরি। একই সঙ্গে তদন্ত কর্মকর্তাদের ওপর কাজের চাপ কমিয়ে সুনির্দিষ্ট দায়িত্ব দেওয়া গেলে এই দীর্ঘসূত্রতা কাটানো সম্ভব। সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা গেলে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন