মো. ফরহাদ হোসেন
নভেম্বর ১১, ২০২৫, ০৫:০৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে "সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প"-এর আওতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বীরগঞ্জ উপজেলা ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে প্রথম ধাপে উপজেলার ১৫০টি অসচ্ছল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে দুটি করে ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিমসহ আরও অনেকে।আয়োজকরা জানান, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের আয় বৃদ্ধি, সুষম খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং আত্মনির্ভরতা বৃদ্ধি করে সামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করা।
ছাগল পেয়ে বীরগঞ্জ পৌর শহরের বাসিন্দা মিনতি হাসদা বলেন, "দুটি ছাগল পেয়ে আমি খুব আনন্দিত। এগুলো লালন-পালন করে আয় করতে পারব, যা পরিবারে বড় সহায়তা হবে।"সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের জন্য একটি সময়োপযোগী উদ্যোগ। এর মাধ্যমে আয়বৈচিত্র্য তৈরি হবে এবং আত্মনির্ভরতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।