বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬,

দিনাজপুর পৌরসভায় ১২ কোটি টাকা ব্যয়ে রাস্তা-ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মো: মামুনুর রাশিদ

নভেম্বর ১৩, ২০২৫, ০৫:১২ পিএম

দিনাজপুর পৌরসভায় ১২ কোটি টাকা ব্যয়ে রাস্তা-ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ছবি-দিনাজপুর টিভি

ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে (RUTDP) দিনাজপুর পৌর এলাকায় প্রায় ১২ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় শহরের মডার্ণ মোড় থেকে চাউলিয়াপট্টি মোড় হয়ে সাধুরঘাট এবং চাউলিয়াপট্টি মোড় থেকে লালবাগ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় এই গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান।

উদ্বোধনকালে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান জানান, এই প্রকল্পটি বাস্তবায়ন হলে পৌর এলাকার মানুষের জীবনমানের উন্নতি হবে। এর ফলে পথচারী ও যানচলাচল সহজ হবে এবং এলাকাবাসী দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।

তিনি আরও জানান, প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৩ লাখ ৯০৬ টাকা। চুক্তি অনুযায়ী, এই নির্মাণ কাজ ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে।এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী (সিভিল) মীর তোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ময়েজ উদ্দিন, প্রকল্পের সিনিয়র মিউনিসিপ্যাল প্রকৌশলী মোঃ মর্তুজা রেজা, মিউনিসিপ্যাল প্রকৌশলী মোঃ মুশফিকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী আশরাফউজ্জামান বাবু, ঠিকাদারি প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজ জেভিআরএ’র স্বত্বাধিকারী (খানসামা উপজেলার ভাবকী ইউপি চেয়ারম্যান) মোঃ রবিউল আলম তুহিন ও আরেক স্বত্বাধিকারী মোঃ হবিবুর রহমান, পৌরসভার কার্যসহকারী মোক্তার আলম, মোঃ আবু বকর সিদ্দিক জুয়েলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। নির্মাণ কাজ উদ্বোধনের পর মুনাজাত করা হয়।