কাশী কুমার দাস
নভেম্বর ১৬, ২০২৫, ০৫:৫৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রীর আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)-ঢাকার সহযোগিতায় পৌরসভার স্থায়ী কমিটিকে শক্তিশালী করার লক্ষ্যে এক সমন্বয় ষাণ্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৬ নভেম্বর) মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর-এর কার্যালয়ের হলরুমে পৌরসভার স্থায়ী কমিটির সদস্য ও নারী ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার স্থায়ী কমিটিকে শক্তিশালী করার বিষয়টি নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর, দিনাজপুরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান।
তিনি বলেন, সরকারি সেবার সঙ্গে এই কমিটির সদস্যদের সম্পৃক্ত করা এবং নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুকসহ নারীর ক্ষমতায়ন বৃদ্ধির ব্যাপারে সকলকে সচেতন করাই এই সভার মূল লক্ষ্য।স্বাগত বক্তব্য রাখেন পল্লীশ্রীর প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নিপা।সরকারি সেবা ও প্রশিক্ষণ সভায় নারী ক্লাবের সদস্যদের জীবিকায়ন ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মস্থলে সম্পৃক্ত করার জন্য বিষয়ভিত্তিক বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুরের অফিস সহকারী মোঃ কামাল হোসেন। তিনি মহিলা বিষয়ক দপ্তরের চালু থাকা বিভিন্ন সেবা ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন।
তিনি জানান, নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি এবং স্বনির্ভর করতে পাঁচটি প্রশিক্ষণ চালু রয়েছে—মোমবাতি তৈরি, দর্জি বিজ্ঞান, শো-পিস, বিউটি পার্লার ও ব্লক বাটিক। এছাড়া মা ও শিশু সহায়তা ভাতা কর্মসূচি, ভিডব্লিউবি কর্মসূচি, ক্ষুদ্র ঋণ প্রদান কর্মসূচি এবং দুঃস্থ্য মা ও শিশু সহায়তা প্রদান কর্মসূচিসহ বিভিন্ন প্রকল্প চালু রয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক দপ্তরের প্রশিক্ষক সুমি আরা হক ও সিমি বানু এবং আব্দুল মালেক। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন নারী ক্লাবের সদস্য শারমিন সুলতানা, বিশাখা রানী, শিবানী উড়াও, ভারতী বিশ্বাস, জান্নাতুন ফেরদৌস। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন পল্লীশ্রী’র এসভিএসএম মাজেদুর রহমান।