মো: আব্দুর রাজ্জাক
নভেম্বর ১৯, ২০২৫, ০৫:০৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুরে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস-এর যাত্রাবিরতি, সকল আন্তঃনগর ট্রেনে আসন সংখ্যা বৃদ্ধি, স্টেশন এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপন এবং রেলগেট সম্প্রসারণসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকালে বিরামপুর রেলস্টেশন চত্বরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের সাধারণ মানুষের অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়া সত্ত্বেও বিরামপুর রেলস্টেশনের হাজারো যাত্রী প্রতিদিন কাঙ্ক্ষিত রেলসেবা না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই দ্রুত পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস-এর যাত্রাবিরতি নিশ্চিত করা এবং স্টেশনকে আধুনিকায়ন করা এখন সময়ের দাবি।
মানববন্ধন শেষে আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে একটি স্মারকলিপি বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়ের নিকট জমা দেন। ইউএনও উপস্থিত প্রতিনিধিদের আশ্বস্ত করে বলেন, জনস্বার্থসংশ্লিষ্ট এসব দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন হলে যাত্রীসেবা বৃদ্ধি পাবে, দুর্ঘটনা কমবে এবং বিরামপুর হয়ে চলাচলকারী মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে।