মো. মহসিন আলী
নভেম্বর ২৪, ২০২৫, ০৭:১৩ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং তৃণমূলের পরিচিত নেতা এজেডএম রেজওয়ানুল হকের উদ্যোগে একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে প্রচারণার অংশ হিসেবে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন শহীদ জিয়া রেলওয়ে পার্কে এই উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। পৌরসভা ৭ ও ৮ নং ওয়ার্ডের নারী–পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বৈঠকগুলোতে সাধারণ মানুষ ও বিভিন্ন শ্রেণি–পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা নিজ হাতে লিফলেট ও প্রচারপত্র বিতরণ করেন এবং দলের নির্বাচনী ইশতেহার সংক্ষেপে তুলে ধরে জনগণের মতামত নেন।
সাধারণ ভোটাররা বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।উঠান বৈঠকে যুবদল নেতা আতিকুর রহমান স্বপন বলেন, “তারেক রহমানের ঘোষিত ৩১ দফা আমাদের রাজনৈতিক দর্শনের দিকনির্দেশনা। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য এসব দফা বাস্তবায়ন অপরিহার্য। জনগণ পরিবর্তন চায়, ধানের শীষকে বিজয়ী করতে চায়।”পৌর সভাপতি আতিয়ার রহমান বলেন, “এই আসনে আগে হয়তো আমরা ভালো নেতৃত্ব দাঁড় করাতে ব্যর্থ হয়েছিলাম। কিন্তু এবার মানুষ সচেতন।
তৃণমূলের ভোটাররা সৎ, শিক্ষিত ও কর্মঠ নেতৃত্ব চান। আমি বিশ্বাস করি— এ আসনের জনগণ ধানের শীষের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবে।”উঠান বৈঠকে যুবদল নেতা শরিফুল ইসলাম বাবু, সোহেল মারুফ স্বপন, বিএনপি নেতা এজাজুল হক এমারত, এসকে হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।নেতাকর্মীরা বলেন, প্রতিদিন তিনি (রেজওয়ানুল হক) বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, পথসভা ও গণসংযোগ করছেন এবং বিএনপির ৩১ দফার বার্তা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। তারা মনে করেন, জনগণ ইতোমধ্যেই পরিবর্তনের স্রোতে সামিল হয়েছে।