নভেম্বর ২৪, ২০২৫, ০৮:০৫ পিএম
দিনাজপুরে এক গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপ মামলার আসামিদের বিরুদ্ধে ভিকটিম ও তার পরিবারকে ভয়ভীতি, হুমকি প্রদান এবং হয়রানি করার গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে জামিনে থাকা প্রধান আসামি ও তার পরিবার এই হুমকি দিচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে দিনাজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দিনাজপুর সদর উপজেলার দিঘন (উত্তর আখির উদ্দীন শাহাপাড়া) গ্রামের বাসিন্দা মোছা. সোহানা আক্তার।
লিখিত বক্তব্যে সোহানা আক্তার জানান, গত ২৬ মে ২০০২ সালের অ্যাসিড অপরাধ দমন আইনের ৫(খ)/৭ ধারায় তিনি একটি মামলা (জিআর-৩৩৬) দায়ের করেন।
এই মামলার এজাহার নামীয় আসামি করা হয়েছে একই এলাকার মৃত আখির উদ্দিনের ছেলে আব্দুল খালেক (৫৮), তার স্ত্রী মোছা. রওশন আরা (৫২) ও ছেলে গোলাম রব্বানী (৩৬)-কে।সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনার প্রধান আসামি গোলাম রব্বানীকে আটক করে হাজতে রাখা হলেও বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। জামিন পাওয়ার পর থেকেই আসামিরা মামলার সাক্ষীদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে আসছে।
সোহানা আক্তার অভিযোগ করেন, "আসামিরা আমার পরিবারকে এখনও বিভিন্ন ধরনের ভয়ভীতি-হুমকী প্রদান করে এবং আমার বাড়িতে আগুন দিয়ে পুড়ে ফেলার হুমকিও দিচ্ছে। আমি ও আমার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।"তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আসামিদের নাম অভিযোগপত্র থেকে বাদ দিলে যেকোনো সময় আসামিরা তার পরিবারকে গুম করে ফেলতে পারে।সংবাদ সম্মেলনে সোহানা আক্তারের স্বামী শামীম পারভেজ, বড় ভাই শান্ত ইসলাম ও প্রতিবেশী লিটন চন্দ্র সরকার উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন