নভেম্বর ২৯, ২০২৫, ০৭:১১ পিএম
দিনাজপুরের হাকিমপুরে কাবিখা প্রকল্পের আওতায় গ্রামের সোলিং সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগের ভিত্তিতে স্থানীয় গ্রামবাসী কাজ বন্ধ করে দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) ঘটনাস্থল পরিদর্শন করেছে।
হাকিমপুর উপজেলা পিআইও কার্যালয় জানায়, হাকিমপুরের খট্টামাধবপাড়া ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ঘাসুরিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বেহাল সড়কটি চলতি ২০২৫-২৬ অর্থবছরে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের মাধ্যমে সোলিং নির্মাণের জন্য ২ লাখ ২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
স্থানীয় গ্রামবাসীর অভিযোগ, কাজ শুরুর পর তারা দেখেন ওয়ার্ডের ইউপি সদস্য মোবারক হোসেন ১ নম্বর ইটের পরিবর্তে নিম্নমানের ইট ব্যবহার করছেন।
এতে সড়কটি টেকসই হবে না ভেবে তারা সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দেন।গ্রামবাসীরা বলেন, "বছরের পর বছর কাদা-পানিতে ভুগেছি। সোলিং হলেও কষ্ট কিছুটা কমবে। কিন্তু এখানে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে। তাই কাজ বন্ধ করে দিয়েছি।"অভিযোগ সম্পর্কে ইউপি সদস্য মোবারক হোসেন বলেন, "ভালো ইটের সঙ্গে কিছু খারাপ ইট মিশে যেতে পারে। প্রথমেই তারা ইট পরিবর্তনের কথা বলতে পারতেন, আমি বদলে দিতাম।
কিন্তু কাজ শুরুর পর তারা (গ্রামবাসী) আটকে দেয়।" সড়কটি ঘাসুরিয়া গ্রামের সুলতানের বাড়ির মোড় থেকে আনিসুর রহমানের বাড়ি পর্যন্ত প্রায় ২৫০ ফুট সোলিং করার কথা ছিল।এ বিষয়ে হাকিমপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী জাহিদুল ইসলাম জানান, তিনি সাইট পরিদর্শন করেছেন এবং ভালোমানের ইট সরবরাহ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন