সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

পার্বতীপুরে হক পরিবারের বিরুদ্ধে অপপ্রচার,প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৫, ০৭:১৬ পিএম

পার্বতীপুরে হক পরিবারের বিরুদ্ধে অপপ্রচার,প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র এজেডএম মেনহাজুল হক এবং তাঁর ভাই সাবেক সংসদ সদস্য ও দিনাজপুর-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী এজেডএম রেজওয়ানুল হক-এর পরিবারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে অভিযোগগুলো উত্থাপন ও তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে, তার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করেন এজেডএম মেনহাজুল হক।

আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন।

লিখিত বক্তব্যে এজেডএম মেনহাজুল হক বলেন, "বিগত আড়াই মাস পূর্বে পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ কোটোয়াল পাড়া গ্রামে মাহাফিজুল ইসলাম হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। বিভিন্ন পত্রিকা, অনলাইন ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা যায় হত্যাকাণ্ডটি ঘটেছিল পরকীয়া প্রেমের জের ধরে।

তিনি অভিযোগ করেন, "কিন্তু বর্তমানে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নিহত মাহাফিজুল ইসলামের ছেলে সজীব ইসলামকে ভুল বুঝিয়ে প্ররোচিত করে আমাকে ও আমার ভাই সাবেক সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হককে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন কথা উল্লেখ করে জাতীয় প্রেসক্লাবে গত ৩০ নভেম্বর সংবাদ সম্মেলন করিয়েছে।" তিনি এই ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেন এবং প্রতিবাদ জানান।তিনি ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে এ ধরনের ভুয়া, মিথ্যা, বানোয়াট তথ্য প্রকাশ না করার আহ্বান জানান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পার্বতীপুর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আকরাম হোসেন মাষ্টার, কোষাধ্যক্ষ ও সাবেক পৌর প্যানেল মেয়র জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খয়রাত কাজি, উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ফয়েজুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মনজুরুল আলম সহ যুবদল, ছাত্রদল, কৃষক দল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।