ডিসেম্বর ৩, ২০২৫, ০২:০৩ পিএম
চলতি শীত মৌসুমে দিনাজপুরে তৃতীয়বারের মতো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি একই সঙ্গে চলতি শীত মৌসুমে জেলার এবং সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
আজ বুধবার (৩ ডিসেম্বর) সকালে দিনাজপুরের এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। বাতাসের গড় গতিবেগ উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ কিলোমিটার, যা গত মঙ্গলবার ছিল ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, "জেলায় একটু একটু করে শীত বাড়ছে। তাপমাত্রা ওঠানামা করছে।
বুধবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে দিনাজপুরে এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা।"সরেজমিনে বিভিন্ন এলাকায় গিয়ে দেখা গেছে, সকালে কিছু এলাকায় হালকা কুয়াশার দেখা মিললেও বেলা বাড়ার সাথে সাথে সূর্যের আলোও ছড়িয়ে পড়েছে। তবে শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে। সকাল-সন্ধ্যা মানুষকে শীতের জন্য গরম কাপড় পরতে দেখা যাচ্ছে।
খানসামা উপজেলার বাসিন্দা মণ্ডল বলেন, "বয়স হয়েছে, একটু শীতেই আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। ফজরের নামাজ পড়তে গেলে গায়ে চাদর মোড়াতে হচ্ছে।"
আত্রাই নদীর তীরবর্তী বাঁশবাড়ি এলাকার বিমল চন্দ্র বলেন, "সকালবেলা নদী পার হয়ে ক্ষেতে যাবার সময় বেশি ঠান্ডা মনে হচ্ছে।" শেখপুরা এলাকার জামে মসজিদের মোয়াজ্জিন মৌলভি রহমত আলী বলেন, "ওজু করার সময় ঠান্ডা পানিতে হাত পা অবশ হয়ে যাচ্ছে। এবার বুঝি বেশি ঠান্ডা পড়বে।"


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন