আবু সালেহ মো রায়হান
জানুয়ারি ১২, ২০২৬, ১০:৩৬ এএম
ছবি-দিনাজপুর টিভি
হিমালয়ের পাদদেশের জেলা পঞ্চগড়ে শীতের দাপট অব্যাহত রয়েছে। সপ্তাহখানেক ধরে চলা মাঝারি শৈত্যপ্রবাহের তীব্রতা কিছুটা কমলেও বর্তমানে জেলাজুড়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সোমবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্যমতে, ভোরে কুয়াশার আধিক্য থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কিছুটা কমতে শুরু করে।
তবে বাতাসের আর্দ্রতা ১০০ শতাংশ থাকায় এবং ঘণ্টায় ১০-১২ কিলোমিটার বেগে হিমেল বাতাস বয়ে যাওয়ায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান (৮ থেকে ২৩ ডিগ্রি) বেশি হওয়ায় জনজীবনে অস্থিরতা বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, তীব্র শীতের কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ ভোরে কাজে বের হতে পারছেন না। অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে। কনকনে ঠান্ডায় শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
কৃষিখাতেও শীতের প্রভাব স্পষ্ট। ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে আলু ও মরিচ ক্ষেতে লেট ব্লাইটসহ বিভিন্ন রোগবালাইয়ের আশঙ্কা দেখা দিয়েছে। এছাড়া বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমতে পারে এবং মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে।