বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ফুলবাড়ীতে ঈদগাহ কমিটি ও যুবদল নেতার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ৩, ২০২৫, ০৫:৫৯ পিএম

ফুলবাড়ীতে ঈদগাহ কমিটি ও যুবদল নেতার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ফুলবাড়ীতে ঈদগাহ মাঠের মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় স্থানীয় ঈদগাহ কমিটি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং যেকোনো সময় আবারও সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে শিবলি সাদিক এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে রাজনৈতিকভাবে তাঁর বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে।

তিনি দাবি করেন, তিনি তাঁর নিজের ক্রয়কৃত জমি ভরাট করছিলেন—এ সময় পরিকল্পিতভাবে বিরোধ সৃষ্টি করা হয়েছে। তাঁর বক্তব্য, শুধুমাত্র তাঁকে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই অপচেষ্টা চলছে।

শিবলি সাদিকের এই অভিযোগের পরপরই ঈদগাহ কমিটি পাল্টা সংবাদ সম্মেলন করে তাঁর দাবির বিরোধিতা করে।কমিটির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন আব্দুল্লাহ আল মামুন। তাঁরা অভিযোগ করেন, শিবলি সাদিক রাজনৈতিক পরিচয় ব্যবহার করে নানা অপকর্ম করেন এবং এই কারণে গ্রামবাসীর ন্যায্য আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছেন। তাঁরা দাবি করেন, তারা সাধারণ গ্রামবাসী এবং তাঁদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।

উল্লেখ্য, গত সোমবার (১ ডিসেম্বর) শিবলি সাদিক ভেকু দিয়ে মাটি কাটতে গেলে ঈদগাহ মাঠের অংশেও মাটি কাটা হয়। এতে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হামলার ঘটনা ঘটে। কয়েকজন আহত হওয়ার পর ক্ষুব্ধ গ্রামবাসী মহাসড়ক অবরোধ করেন এবং পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকু জব্দ করে।