ডিসেম্বর ৬, ২০২৫, ০৬:৫৫ পিএম
দিনাজপুরে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে। সেইসঙ্গে শীতের কাপড় কেনাকাটায় লেগেছে ধুম। ছুটির দিন হওয়ায় শহরের পুরাতন কাপড়ের বাজার এবং রাস্তার ধারে ফুটপাতের ভ্রাম্যমাণ দোকানগুলোতে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল থেকে শহরের গোর-এ শহীদ ময়দানে কাপড়ের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক সমাগম হয়।
শীতবস্ত্র কিনতে আসা ক্রেতারা নিজেদের এবং পরিবারের সদস্যদের জন্য গরম কাপড় সংগ্রহ করেন। মধ্যরাত পর্যন্ত এই বেচাকেনা চলে।শীত বেশি অনুভূত হওয়ায় এবং মৃদু শৈত্যপ্রবাহের আশঙ্কা দেখা দেওয়ায় ছুটির দিনে মানুষজন শহরের পুরাতন কাপড়ের দোকানগুলোতে সারাদিন ভিড় জমায়।
বেচাকেনাও হয় বেশ ভালো। সন্ধ্যার পরও দোকানগুলো থেকে ক্রেতাদেরকে হাত ও পায়ের মোজা, মাফলার, টুপি, কানটুপি জাতীয় কাপড় কিনতে দেখা যায়।এছাড়াও শহরের লিলির মোড় থেকে স্টেশন রোড পর্যন্ত রাস্তার দুই ধারে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ভ্যান গাড়ির ওপর পুরাতন কাপড়ের পসরা নিয়ে শীতের কাপড় বিক্রি হয়েছে।পরিবার নিয়ে শীতের কাপড় কিনতে আসা সামাদ সরকার বলেন, "হঠাৎ করে বেশি শীত পড়েছে। তাই পরিবার নিয়ে টুকটাক শীতের কাপড় কিনতে বের হয়েছি। এত ভিড় হবে ভাবিনি।
শহরের নিউটাউন মিস্ত্রিপাড়া থেকে কাপড় কিনতে আসা রাজিয়া সুলতানা বলেন, "কয়েকটি সোয়েটার নিলাম। গতবারের চেয়ে পুরাতন কাপড়ের দাম বেশি মনে হচ্ছে। একটু ভালো নিতে গেলে ৪০০ টাকার নিচে হবে না।"দোকানদার নজরুল ইসলাম জানান, "এতদিন তেমন বেচাকেনা হয়নি। শুক্র-শনিবার ছুটির দিনে বেশ ভালো বেচাকেনা হয়।"তাপমাত্রা নামবে ৪ ডিগ্রি পর্যন্ত:দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, "শীত আরও বাড়বে। তাপমাত্রা ৬ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত নেমে আসতে পারে।"
আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর-পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া প্রবাহিত হওয়ায় শীত বেশি অনুভূত হচ্ছে।আবহাওয়া অফিসের রেকর্ড অনুযায়ী, বুধবার দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয় ১১.১ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমে এই জেলার ও দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল। বৃহস্পতিবার রেকর্ড করা হয় ১২.০ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার রেকর্ড করা হয়েছে ১২.৮ ডিগ্রি সেলসিয়াস।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন