ডিসেম্বর ৭, ২০২৫, ০৮:০১ পিএম
হতদরিদ্র ও নির্যাতিত গর্ভবতীদের নিরাপদ প্রসবে সহযোগিতার লক্ষ্যে দিনাজপুরে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-দিনাজপুর শাখা এবং বাংলাদেশ সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে এই মানবিক সহায়তা প্রদান করা হয়।
আজ রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ এফপিএবি'র অ্যাডভোকেট এম. ফয়জুর রহমান অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এফপিএবি-দিনাজপুর শাখার সভাপতি অ্যাডভোকেট তহসিনা আকতার দিপলী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মোসাঃ রিক্তা বানু।
অনুষ্ঠানে ৮ জন হতদরিদ্র ও নির্যাতিত গর্ভবতী মাকে নিরাপদ প্রসবে সহযোগিতার লক্ষ্যে জনপ্রতি ২,০০০/- (দুই হাজার) টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়।এফপিএবি-দিনাজপুর শাখার প্রোগ্রাম সমন্বয়কারী মো. খাদেমুল ইসলাম-এর প্রাণবন্ত সঞ্চালনায় গর্ভবতী মায়েদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এফপিএবি’র ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা মো. কামরুজ্জামান।সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট তহসিনা আকতার দিপলী এফপিএবি'র সেবার পরিধি তুলে ধরে বলেন, এফপিএবি-দিনাজপুর শাখায় এখন স্বয়ংসম্পন্ন ল্যাবরেটরি রয়েছে।
এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রামসহ বায়োকেমিস্ট্রি ও হেমোটোলোজিক্যাল সকল পরীক্ষা আধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে। নরমাল ডেলিভারী ও সিজারিয়ান সেকশন কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়াও হটলাইন স্বাস্থ্য সেবা পরামর্শ, অ্যাম্বুলেন্স সেবা, সুন্নতে খৎনা, নাক-কান ফোঁড়ানো, প্রজনন স্বাস্থ্য সেবা সহ স্বল্পমূল্যে মেডিকেল অফিসারের সেবাও প্রদান করা হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন