সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

বিরলে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সভা ও পুরস্কার বিতরণ

আতিউর রহমান

ডিসেম্বর ৯, ২০২৫, ০২:৪১ পিএম

বিরলে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সভা ও পুরস্কার বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

০৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের বিরলে উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিরলে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজনে নানা সচেতনতামূলক কার্যক্রম পালিত হয়।

কর্মসূচির শুরুতে উপজেলার দৃশ্যমান ও উন্মুক্ত স্থানে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ব্যানার স্থাপন করা হয়। এরপর জাতীয় ও দুদক পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় সঙ্গীত পরিবেশন করে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এছাড়াও মানববন্ধন, দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন এবং "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা" প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার সকালে বিরল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মো. মনছুর আলী-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ এবং থানার অফিসার ইনচার্জ মো. আল এমরান।আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে সামষ্টিক সচেতনতা এবং তারুণ্যের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন আরিফ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সাংবাদিক আতিউর রহমান, বুলবুলে আলম, সদস্য একরামুল হক, জেসমিন জাহান, তানিয়া বিনতে সালাম,

বিরল সরকারি কলেজ এর প্রভাষক (হিসাব বিজ্ঞান) অমিত কুমার বসাক, বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা বেগম সহ কমিটির নেতৃবৃন্দ।আলোচনা শেষে রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। সবশেষে দুর্নীতিবিরোধী তথ্যচিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত সকলে।