সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে ৩৫০০ শিশুর মাঝে ওয়ার্ল্ড ভিশনের কম্বল বিতরণ

মো: মামুনুর রশিদ

ডিসেম্বর ১৮, ২০২৫, ০৪:৫৭ পিএম

দিনাজপুরে ৩৫০০ শিশুর মাঝে ওয়ার্ল্ড ভিশনের কম্বল বিতরণ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন বলেছেন, "আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র পরিচালনার কর্ণধার। শিশুদের সঠিক পরিচর্যা ও সুন্দর জীবন গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। সমাজকে আলোকিত করতে আজকের শিশুরাই আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে গড়ে উঠবে।"

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর শিশু একাডেমি মিলনায়তনে 'এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ'-এর আয়োজনে নিবন্ধিত ও দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ এবং শিশু সুরক্ষা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি মোঃ ফয়জুর রহমান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন যুব ফোরামের সহ-সভাপতি মোঃ আল মমিন, তারুণ্যের স্বপ্ন যুব সংগঠনের কোষাধ্যক্ষ তহমিনা আক্তার চুমকি এবং বালুবাড়ী ঢাকাইয়াপট্টি ইউএনডিসি’র সভাপতি আনোয়ারা বেগম।সভাপতির বক্তব্যে সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, "ওয়ার্ল্ড ভিশন তৃণমূল পর্যায়ে শিশুদের অধিকার ও উন্নয়ন নিয়ে কাজ করছে। আমরা চাই কোনো শিশু যেন বাল্যবিবাহের শিকার না হয় এবং স্কুল থেকে ঝরে না পড়ে।

অনুষ্ঠানে জানানো হয়, এপি প্রকল্পের আওতায় দিনাজপুর পৌরসভার ৬৪৭ জন, আউলিয়াপুর ইউনিয়নের ৭৯১ জন, চেহেলগাজী ইউনিয়নের ৭৩৪ জন, শেখপুরা ইউনিয়নের ৭২০ জন এবং শশরা ইউনিয়নের ৬০৮ জনসহ মোট ৩৫০০ শিশুর মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপি’র প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডীর সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।