রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন:জেলা প্রশাসক

মো. মামুনুর রশিদ

ডিসেম্বর ২৮, ২০২৫, ১২:৫৬ পিএম

চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে নিজেকে গড়ে তুলুন:জেলা প্রশাসক

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) দিনাজপুরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৫ এর সমাপ্তি ঘটেছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে শহরের গোর-এ-শহীদ বড় ময়দানে মেলার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, "সন্তানদের চাকরির পেছনে না ঘুরে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মানসিকতা তৈরি করতে হবে।

একজন উদ্যোক্তা যখন সফল হন, তখন তিনি নিজেই আরও ১০ জনকে চাকরি দেওয়ার সক্ষমতা অর্জন করেন। এ ধরনের মেলা অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশীয় পণ্যের প্রচার ও প্রসারে বড় ভূমিকা রাখে।

বিসিক দিনাজপুরের উপ-মহাব্যবস্থাপক মো. জাহেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, বিসিক ঢাকার বিপণন বিশ্লেষক রাকেশ রঞ্জন নাগ এবং নাসিব দিনাজপুরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বিসিকের উপ-ব্যবস্থাপক চারু বর্মন। সঞ্চালনা করেন প্রমোশন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। মেলায় অংশ নেওয়া ৭০টি স্টলের উদ্যোক্তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। শেষে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১০ দিনের এই মেলায় জেলার বিভিন্ন প্রান্তের উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত পণ্য প্রদর্শনী ও বিক্রির সুযোগ পাওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হয়েছেন বলে জানান আয়োজকরা।