অলিউর রহমান মিরাজ
ডিসেম্বর ২৯, ২০২৫, ০৫:৩৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
নারী ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে নারী নেতৃত্বের উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার দাউদপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি-এর ‘সমান আওয়াজ’ প্রকল্পের কার্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কোডি ইনস্টিটিউট অফ সেন্ট ফ্রান্সিস জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার কারিগরি সহায়তায় এই প্রশিক্ষণ বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পের আওতায় নবাবগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে নারী নেতৃত্বের বিকাশে কাজ করে যাচ্ছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় ২৫ জন নারী সদস্যকে নিয়ে অধিকার, সমতা ও নেতৃত্বের গুণাবলি বিষয়ে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী। প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশিক্ষক ও সিসিডিবি’র অন্যান্য কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ চলাকালে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ সমাজ গড়তে হলে নারীর ক্ষমতা বিকাশের সুযোগ দিতে হবে।
পারিবারিক ও সামাজিক সকল স্তরে নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং নারীদের দক্ষ মানবসম্পদে পরিণত করা এখন সময়ের দাবি। সমাজ ও অর্থনীতিতে নারীর অবদানকে যথাযথ মূল্যায়ন এবং সকল প্রকার নির্যাতন প্রতিরোধ করলেই প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত হবে। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে নারী সদস্যদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্ব প্রদানের কৌশল হাতে-কলমে শেখানো হচ্ছে।