ডিসেম্বর ৩০, ২০২৫, ১০:৩৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দিনাজপুর জেলা পুলিশের সদস্যদের বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের আয়োজনে ৩ দিনব্যাপী “দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার ২২তম ব্যাচের” শুভ উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, “জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব, যেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল।
নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালন করাই আমাদের মূল অঙ্গীকার। আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বোচ্চ সতর্ক, দৃঢ় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচনি এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা যাবে না।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) জনাব আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ।
কর্মশালায় নির্বাচনি আইন, ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাপনা এবং সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলা পুলিশের সকল পর্যায়ের সদস্যদের এই প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানানো হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন