মো. আরিফ ইসলাম
জানুয়ারি ৩, ২০২৬, ০৩:৫৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জরুরি মুহূর্তে রক্তের অভাব মেটাতে এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘মিতালী সংঘ’-এর আয়োজনে এই কর্মসূচিতে কারিগরি ও সার্বিক সহযোগিতা প্রদান করে ‘জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টার’।
দিনব্যাপী চলা এই ক্যাম্পে এলাকার বিভিন্ন বয়সী প্রায় শতাধিক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এবং বিনামূল্যে তাঁদের রক্তের গ্রুপ পরীক্ষা করান।
জাগরণ ব্লাড ব্যাংক এন্ড ট্রান্সফিউশন সেন্টারের পরিচালক মো. নাঈম ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক মো. তারিফুল ইসলাম তুহিন জানান, গ্রামাঞ্চলের অনেক মানুষ এখনও নিজের রক্তের গ্রুপ জানেন না। জরুরি প্রয়োজনে রক্তদাতার সন্ধান সহজ করতেই তাঁদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
ক্যাম্পেইন সফল করতে মিতালী সংঘের সদস্য মো. জনি ইসলাম, মো. ইমন ইসলাম, মো. রহমতুল্লাহ শাহ এবং হরি বৈষ্যসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে মোহাম্মদপুর ইউনিয়নের প্রতিটি মানুষের রক্তের গ্রুপের তথ্য সংগ্রহ করে একটি ডাটাবেজ তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁদের, যাতে মুমূর্ষু রোগীদের দ্রুত রক্ত সহায়তা প্রদান করা সম্ভব হয়।