মো: মামুনুর রশিদ
জানুয়ারি ৪, ২০২৬, ০৪:৪৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের খানসামা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক যুবলীগ নেতাসহ বিভিন্ন মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (৪ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাজনৈতিক মামলায় গ্রেপ্তার: পুলিশ জানায়, জামায়াত নেতার বাড়িতে ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত মামলায় খানসামা উপজেলা যুবলীগ নেতা মো. হাফিজুল হক বুলবুলকে গ্রেপ্তার করা হয়েছে।
তাঁর বিরুদ্ধে স্থানীয় এলাকায় বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
চুরির মামলায় গ্রেপ্তার: পৃথক এক অভিযানে গোয়ালডিহি ভুল্লারডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম শুক্কুকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় বিদ্যুৎ ট্রান্সমিটার চুরির মামলার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হিসেবে আঙ্গারপাড়া গ্রামের আবুল হোসেনকেও গ্রেপ্তার করে থানা পুলিশ।
পুলিশের বক্তব্য: খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।