ফাহিম হোসেন রিজু
জানুয়ারি ৮, ২০২৬, ০৪:১৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের ঘোড়াঘাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৭ জানুয়ারি বিকেলে উপজেলার কুলানন্দপুর মধ্যপাড়া ফুটবল মাঠে অনুষ্ঠিত এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিরামপুর দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোবিন্দগঞ্জ একাদশ।
কুলানন্দপুর স্বপ্নপূরণ একাদশ ক্লাবের আয়োজনে এবং রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপীঠের পরিচালক মো. হাফিজুর রহমান হাফিজের তত্ত্বাবধানে এই টুর্নামেন্ট পরিচালিত হয়।
ফাইনালে বিরামপুর ও গোবিন্দগঞ্জ দল একে অপরের মুখোমুখি হয়। নির্ধারিত সময়ে আক্রমণ-পাল্টা আক্রমণের পর গোবিন্দগঞ্জ দল জয় নিশ্চিত করে। চ্যাম্পিয়ন হিসেবে গোবিন্দগঞ্জ দল একটি বড় গরু এবং রানার্সআপ হিসেবে বিরামপুর দল একটি খাসি পুরস্কার লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অবসরপ্রাপ্ত শিক্ষক মো. বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লেলিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
খেলা শেষে প্রধান অতিথি বলেন সুস্থ সংস্কৃতির বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক ও অপসংস্কৃতি থেকে যুব সমাজকে দূরে রাখতে নিয়মিত এমন টুর্নামেন্ট আয়োজন প্রয়োজন। কনকনে শীত উপেক্ষা করে হাজারো দর্শক মাঠে উপস্থিত হয়ে এই প্রীতি ম্যাচ উপভোগ করেন।